মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য বিএনপি নেতাকে শিকলে বেঁধে আটক
হোম » আলোচিত খবর » দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য বিএনপি নেতাকে শিকলে বেঁধে আটকসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেককে এক তরুণীকে উত্ত্যক্ত এবং গভীর রাতে বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আমিনুল ইসলাম বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মুঠোফোনে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে তিনি ওই তরুণীকে বাড়ির পেছনের বাথরুমের কাছে আসতে বলেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ শুনে টর্চলাইটের আলো ফেললে বারেক পালানোর চেষ্টা করেন। এ সময় দৌড়াতে গিয়ে তিনি পাশের টিনের বেড়া ও সার রাখা একটি গর্তে পড়ে যান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে আটক করেন।
আটকের পর স্থানীয়রা তাকে মানিক বয়াতির বসতঘরে নিয়ে পায়ে শিকল বেঁধে রাখেন। খবর পেয়ে তাঁর স্বজন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুমকি থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার কাছ থেকে বারেককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনাস্থলে যান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বারেক নিয়মিত ওই তরুণীকে মুঠোফোনে কুপ্রস্তাব দিতেন এবং হুমকি দিতেন। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ডও তাদের কাছে রয়েছে বলে জানা গেছে।
এদিকে, শিকল বাঁধা অবস্থায় ইউপি সদস্যকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘটনাস্থল ও থানায় ভিড় করেন।
দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লিখিত অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৫:৩২:০৫ ● ২৪ বার পঠিত
