সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬

মহিপুরে ৭০ গ্রাম গাঁজাসহ মাদককারবারি ও তার স্ত্রী গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » মহিপুরে ৭০ গ্রাম গাঁজাসহ মাদককারবারি ও তার স্ত্রী গ্রেপ্তার
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

মহিপুরে ৭০ গ্রাম গাঁজাসহ মাদককারবারি ও তার স্ত্রী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১২টি মাদক মামলার আসামি ইদ্রিস আলী ওরফে লুডুস এবং তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) শেষ বিকেলে মহিপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

 

পুলিশ জানায়, মহিপুর থানার পুরান মহিপুর এলাকার পুলিন সরকারের পুকুরের পূর্ব পাশে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পশ্চিম পাশের পাকা সড়ক এবং আলীপুর থ্রি পয়েন্টসংলগ্ন ইদ্রিস আলী ওরফে লুডুসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৭০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ইদ্রিস আলী ওরফে লুডুস ও তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার ইদ্রিস আলী ওরফে লুডুস আলীপুর এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও ১২টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় ইদ্রিস আলী ও নাছিমা বেগমের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মাদককারবারিসহ সব ধরনের অপরাধীদের গ্রেপ্তারে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ৭:৪০:২৭ ● ২৪ বার পঠিত