রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নিহত ১

হোম » বরিশাল » গৌরনদীতে নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নিহত ১
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীতে নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নিহত ১

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রুস্তম মির (৬৫) নামে আরও একজন আহত হয়েছেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফারুক সরদার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে। আহত রুস্তম মির আয়নাল মিরের ছেলে। তিনি গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভার আশোকাঠি সুফি আহমাতুল্লাহ রহমাতুল্লাহ জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে ফারুক সরদার ও রুস্তম মির বাড়ির উদ্দেশে রওনা হন। পথে একটি অটোরিকশা তাদের ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফারুক সরদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, আহত রুস্তম মিরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৯:০৫ ● ২৭ বার পঠিত