শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
কয়রার আমাদী ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. শোভন
হোম » খুলনা » কয়রার আমাদী ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. শোভন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলার ১ নম্বর আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও যুবদল নেতা ইঞ্জি. এস এম জাহিদুর রহমান শোভন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগের কারণে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করেছেন তাঁর সমর্থকরা।
এস এম জাহিদুর রহমান শোভনের রাজনৈতিক সম্পৃক্ততা শুরু হয় ছাত্রজীবনে। সরকারি সুন্দরবন কলেজ ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের খুলনা জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে দলের কঠিন সময়ে প্রায় সাত বছর খুলনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
শোভনের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁকে কারাবরণ করতে হয়েছে। একই সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন বলেও জানান তিনি।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আমাদী ইউনিয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন শোভন। স্থানীয় ব্যবসায়ী, হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সহযোগিতা করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি।
তাঁর অনুসারীরা বলছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন শোভন। তরুণ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগকে তাঁর সম্ভাব্য প্রার্থিতার শক্তির জায়গা হিসেবে দেখছেন তারা।
শোভনের পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর প্রয়াত বাবা মো. অলেজ উদ্দিন সরদার আমাদী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি আমাদী ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে এস এম জাহিদুর রহমান শোভন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
এদিকে আমাদী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের একটি অংশ তরুণ নেতৃত্বের প্রতি আগ্রহী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে এখন স্থানীয় রাজনৈতিক মহলে চলছে আলোচনা।
বাংলাদেশ সময়: ১৯:২১:৩৫ ● ১২ বার পঠিত
