শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
নেছারাবাদে ডেঙ্গুর প্রকোপ, ১৯ শয্যার হাসপাতালে ১৪০ রোগী
হোম » সর্বশেষ » নেছারাবাদে ডেঙ্গুর প্রকোপ, ১৯ শয্যার হাসপাতালে ১৪০ রোগী

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বর্তমানে ৩১ শয্যার একটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে ভেঙে ফেলায় হাসপাতালটি মাত্র ১৯ শয্যার অবকাঠামো দিয়ে চলছে। ফলে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। তবে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।
নেছারাবাদ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শুধু গত মাসেই ভর্তি হয়েছেন ১২৮ জন।
হাসপাতালে শয্যা সংকট থাকায় অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও বাড়তি চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।
ভর্তি রোগীদের একটি বড় অংশ নেছারাবাদ উপজেলার বাসিন্দা। তবে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা ও জেলা থেকেও প্রায় ১৪০ জন রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তুলনামূলক ভালো চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার কারণে আশপাশের এলাকার রোগীরাও এখানে আসছেন বলে সংশ্লিষ্টরা জানান।
সংশ্লিষ্টদের মতে, নেছারাবাদে ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ স্থানীয় নার্সারি ও বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ফেলে রাখা ডাবের খোসা। নার্সারির গাছের টবে জমে থাকা পরিষ্কার পানি এবং পড়ে থাকা ডাবের খোসায় পানি জমে এডিস মশার লার্ভা বংশবিস্তার করছে। এ ছাড়া বাড়ির আশপাশে পড়ে থাকা পরিত্যক্ত পাত্র, মগ, থালাবাসন ও ছাদের খোলা পানির ট্যাংকেও এডিস মশার প্রজননস্থল পাওয়া গেছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতালসহ বিভিন্ন গ্রামাঞ্চলে সচেতনতামূলক সভা ও কর্মশালা করা হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লিফলেট ও ব্যানারের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদেরও সচেতন করা হচ্ছে। এসব কার্যক্রমে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন যুক্ত রয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
১০০ শয্যার নতুন ভবন নির্মাণের উদ্যোগ
হাসপাতালের শয্যা সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর তদারকিতে ১০০ শয্যার নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া এগিয়ে চলছে। এরই মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে।
এ ছাড়া জরুরি ভিত্তিতে বর্তমান সংকট সামাল দিতে শিগগিরই ২০ শয্যার একটি টিনশেড ভবন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৬ ● ২০ বার পঠিত
