শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬

চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে একটি বাল্বও লাগানো হয়নি: এমপি

হোম » ভোলা » চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে একটি বাল্বও লাগানো হয়নি: এমপি
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


 

চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে একটি বাল্বও লাগানো হয়নি: এমপি

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ লাখ টাকার কাজে একটি বাল্বও লাগানো হয়নি বলে মন্তব্য করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কাজের পুরো নথিপত্র পাওয়ার পর সংশ্লিষ্টদের আইনগতভাবে জবাবদিহির আওতায় আনার চেষ্টা করা হবে।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘আমি শুনেছি ৫ লাখ টাকার কাজে একটা বাল্বও লাগানো হয়নি। আমি নিজেই কষ্ট পেলাম। মানুষের জন্যই এই টাকাটা বরাদ্দ। সাধারণ মানুষ উপজেলা পর্যায়ের হাসপাতালে এসে চিকিৎসা নেন। আমরা পুরোপুরি ডকুমেন্টস পেলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে জবাবদিহিতার মুখোমুখি করার চেষ্টা করবো।’

 

তিনি বলেন, ‘আমরা চরফ্যাশন হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছি। এই হাসপাতালে আরও ডাক্তার ও জনবল দরকার। হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের দাবি জানাতে বলেছি। তাহলে আমরা সে অনুযায়ী চেষ্টা করবো।’

 

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতালটি পরিষ্কার ও পরিচ্ছন্নতার বিষয়ে শুরু থেকেই তাগিদ দিয়েছি। আজকে এসে মনে হলো আগের চেয়েও পরিবর্তন হয়েছে। সেবার মানও বাড়াতে নার্স ও ভালো বেড দরকার।’

 

এমপি আরও বলেন, ‘আশা করছি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর মধ্যে চরফ্যাশন হাসপাতালটি বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে। সেই চেষ্টাই করছি। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কেউ যেন অযথা রোগীদের সেবার কাজে বাধা প্রদান না করে। আমরা সেই বিষয়টিও মাথায় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করবো।’

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ও চরফ্যাশন হাসপাতালের টিএস আশরাফুল ইসলাম সুমন।

 

এর আগে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা-৪ নির্বাচনী এলাকার হাজারীগঞ্জের খেজুরগাছিয়া পর্যটন এলাকা থেকে মাইনুদ্দিনের সাম্রাজঘাট হয়ে যেতুয়া পর্যটন এলাকা পর্যন্ত পরিদর্শন করেন। এ সময় মেঘনা নদীর ভাঙন রোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:০০:০৯ ● ৩০ বার পঠিত