শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র বিরোধে যুবককে মারধরের অভিযোগ

হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র বিরোধে যুবককে মারধরের অভিযোগ
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


 

রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র বিরোধে যুবককে মারধরের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে পারভেজ খলিফা (২২) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। আহত পারভেজকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাঁর মা রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ছোট বাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে একটি বিষয়কে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়রের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

হাসপাতালে চিকিৎসাধীন পারভেজের বাবা হারুন খলিফা বলেন, একই বাড়ির তামিম খলিফার সঙ্গে তাঁর ছেলের কথা কাটাকাটি হয়। পরে পার্শ্ববর্তী গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে মামুন হাওলাদারসহ কয়েকজন তাঁর ছেলেকে মারধর করেন। ছেলের ডাক-চিৎকার শুনে তাঁরা এগিয়ে গেলে মারধরকারীরা চলে যান।

 

হারুন খলিফার দাবি, পারভেজের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মামুন হাওলাদারসহ কয়েকজন তাঁদের বাড়িতে ঢুকে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, মালামাল লুট ও গবাদিপশু নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন।

 

পারভেজের মা গোল চেহারা বেগম বলেন, তাঁর ছেলেকে মারধরের পাশাপাশি তাঁকেও মারধরের চেষ্টা করা হয়েছে। তিনি পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজবাহ উদ্দিন বলেন, পারভেজ তাঁর চিকিৎসাধীন তৃতীয় তলার ৫ নম্বর বেডে ভর্তি আছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

 

অভিযুক্ত মামুন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

ছোট বাইশদিয়া ইউনিয়নের ইউপি সদস্য বাদল হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পাশা প্যাদা বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি শুনেছি। দেখব।’

 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ ঘটনায় পারভেজের মা গোল চেহারা বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:১২:৩২ ● ২৭ বার পঠিত