শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

হোম » বরিশাল » গৌরনদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান তুরাগ (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মেহেদী হাসান তুরাগ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে।

 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, রাতে কটকস্থল এলাকায় ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মেহেদী হাসান তুরাগ ও তাঁর সঙ্গে থাকা এক আরোহী গুরুতর আহত হন।

 

পরে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তুরাগকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৭ ● ৩৫ বার পঠিত