শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
পাথরঘাটায় বোট থেকে ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১
হোম » বরগুনা » পাথরঘাটায় বোট থেকে ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম খলিল (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাংস বহনে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
কোস্ট গার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার পর গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। পরে ইব্রাহিম খলিলকে আটক করা হয়।
কোস্ট গার্ডের হিসাবে, উদ্ধার করা হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। তিনটি চামড়ার মূল্য ৩ হাজার এবং হরিণের মাথার মূল্য ১ হাজার টাকা।
পরে আটক ইব্রাহিম খলিল, হরিণের মাংস, চামড়া, মাথা ও কাঠের বোট পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, বন বিভাগের মাধ্যমে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:৩০:৫৩ ● ২৩ বার পঠিত
