শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, সাগরে ভাসতে থাকা ১৪ জেলে উদ্ধার
হোম » জেলে-মৎস্য » বঙ্গোপসাগরে ট্রলারডুবি, সাগরে ভাসতে থাকা ১৪ জেলে উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলীর একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার ফকিরঘাট মৎস্য অবতরণ উপকেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ১৪ জেলের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার এবং একজন সাতক্ষীরা জেলার বাসিন্দা।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার উপজেলার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৪ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হলে জেলেরা উপকূলে ফেরার চেষ্টা করেন। এ সময় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়।
ট্রলারডুবির খবর পেয়ে ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্র ও স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রাত ১০টার দিকে ‘সেলিম মাঝী’ নামে একটি ট্রলারের সহায়তায় সাগরে ভাসমান অবস্থায় ১৪ জেলেকে উদ্ধার করা হয়। তারা বর্তমানে উদ্ধারকারী ট্রলারে নিরাপদে রয়েছেন। তবে সাগর উত্তাল থাকায় এখনো উপকূলে তারা ফিরতে পারেননি বলেও সূত্রটি জানিয়েছে।
উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া মোবাইল ফোনে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।’
ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. মজিবর ফরাজী বলেন, ‘সাগর উত্তাল থাকায় ফকিরঘাটে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পাওয়ার পর ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে ১৪ জনকেই উদ্ধার করা হয়েছে।’
ইউএনও অতীশ সরকার বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। উদ্ধার হওয়া সব জেলে নিরাপদে আছেন এবং তাঁদের দ্রুত উপকূলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের শুকনো খাবার ও চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’
বাংলাদেশ সময়: ১১:৫১:২৮ ● ১৯ বার পঠিত
