বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি
হোম » লিড নিউজ » ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে সাজাভোগের পর ৪৭ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের হরিদাসপুর-পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
পেট্রাপোল-বেনাপোল শূন্যরেখায় আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় ভারতের ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার এবং বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ৪৯ বিজিবির আইসিপি কোম্পানি কমান্ডার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইমিগ্রেশন সূত্র জানায়, দেশে ফেরা বাংলাদেশিরা ভারতের তামিলনাড়ুর আত্তুর-সালেমের স্পেশাল ক্যাম্প এবং তিরুচিরাপল্লির (ট্রিচি) স্পেশাল ক্যাম্প ও হোমে দীর্ঘদিন ছিলেন। নাগরিকত্ব যাচাই শেষে তাদের দেশে ফেরাতে ট্রাভেল পারমিট দেওয়া হয়।
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, গত ২৪ আগস্ট চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি বার্তার মাধ্যমে ৪৭ বাংলাদেশিকে দেশে ফেরানোর বিষয়টি জানায়। এতে বলা হয়, তামিলনাড়ুর বিভিন্ন বিশেষ ক্যাম্পে থাকা এসব বাংলাদেশিকে ট্রেনে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। জাতীয়তা যাচাইয়ের পর তাদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়।
নথির সঙ্গে ফেরত পাঠানোর জন্য নির্ধারিত ৪৭ বাংলাদেশির নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা ও ট্রাভেল পারমিট নম্বর সংযুক্ত ছিল। চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ ভৌমিক ওই বার্তায় স্বাক্ষর করেন।
ট্রাভেল পারমিটে প্রত্যেকের ছবি, নাম, পিতার নাম, জন্মতারিখ, জন্মস্থান, উচ্চতা, চোখ ও চুলের রং এবং বাংলাদেশি নাগরিকত্বের তথ্য উল্লেখ করা হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ‘কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশিদের সংশ্লিষ্ট পোর্ট থানায় পাঠানো হবে। পরে আইনগত আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।’
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরের প্রতিনিধিরা তাদের গ্রহণ করবেন।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাষ বলেন, ‘ভালো কাজ ও জীবিকার আশায় দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে তারা অবৈধপথে ভারতে যান। সেখানে পুলিশের হাতে আটক হওয়ার পর স্থানীয় আদালতের মাধ্যমে কারাভোগ করেন। সাজা শেষে তাদের তামিলনাড়ুর বিভিন্ন বিশেষ ক্যাম্প ও হোমে রাখা হয়। পরে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে তাদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।’
জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ‘ফেরত আসা নাগরিকদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা পৌঁছালে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে তারা শেল্টার হোমে নিরাপদ হেফাজতে থাকবেন।’
ফেরত আসা ৪৭ বাংলাদেশি হলেন: নড়াইলের লোহাগড়া থানার দক্ষিণ লংকারচর এলাকার আজিজুর রহমানের ছেলে আসিকুল সিকদার; কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার রাধাচর এলাকার আবদুল লতিফের ছেলে রাহাতুল্লাহ; বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর কাজলাকাঠি এলাকার মতলেব আকনের ছেলে মোহাম্মদ রাকিব আকন; চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শেখালিপুর এলাকার এনসাদ আলীর ছেলে আবদুর রহিম; জামালপুরের মেলান্দহ থানার আগপাড়া-চরআলদার এলাকার মৃত আবদুর রহমানের ছেলে জাকির মণ্ডল; বরগুনার আমতলী থানার গুলিশাখালী এলাকার আবুল গাজীর ছেলে নাসির গাজী; গাইবান্ধার সাঘাটা এলাকার মৃত আবদুল বাকির ছেলে উজ্জ্বল হোসাইন; নেত্রকোনার কেন্দুয়া থানার সান্দিকোনা এলাকার ইসমাইল উদ্দিনের ছেলে সাকিব; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার আলমের ছেলে কামরুজ্জামান ওরফে কাজল; একই জেলার এলাকার মৃত আতাউদ্দিনের ছেলে ইব্রাহিম আলী ওরফে সাদ্দাম; জামালপুরের মাদারগঞ্জ থানার তেঘরিয়া এলাকার সামাদের ছেলে মাসুদ মিয়া; কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার মৃত পুলিন চন্দ্র গাইনের ছেলে পালাশ গাইন; বরিশালের মেহেন্দিগঞ্জ থানার কাচিয়া এলাকার সালাম খানের ছেলে রবিন; মানিকগঞ্জের দৌলতপুর থানার পাংগিরচর এলাকার নূর আলীর ছেলে রফিউল ইসলাম; পাবনার ঈশ্বরদী থানার বাঁশেরহাটা এলাকার মৃত আবুল হোসাইনের ছেলে তুহিন; সাতক্ষীরার কালীগঞ্জ এলাকার নূর ইসলাম সরদারের ছেলে মাহরুপ বিল্লাহ সরদার; শিবপুর এলাকার খোরশেদ আলমের ছেলে ইসমাইল; গোপালগঞ্জের মুকসুদপুর/বঙ্গগ্রাম এলাকার আলমগীর মোল্লার ছেলে জিবন মোল্লা; সাতক্ষীরার সুলতান আলীর ছেলে শরৎ আলী; গাইবান্ধার আলমগীর সরকারের ছেলে নাঈম সরকার; নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার সুরুজ মিয়ার মেয়ে তহমিনা; সাতক্ষীরার কালীগঞ্জ থানার পাইকারা এলাকার আবু হাসানের স্ত্রী মরিয়ম; রংপুরের পীরগঞ্জ থানার মিঠাপুর ইউনিয়নের ফতেপুর নন্দরাম এলাকার বেলাল হোসাইনের ছেলে রাহুল খান; নীলফামারীর ডোমার এলাকার আবুল হোসাইনের ছেলে আবু ইউসুফ ইসলাম; নারায়ণগঞ্জের কাশীপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আলামিন; সাতক্ষীরা এলাকার দীন ইসলামের ছেলে রিফাত; সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার আলহাজ আলীর ছেলে শান্ত প্রামাণিক; নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ সানারপাড় এলাকার মৃত জুলহাস হোসাইনের মেয়ে সাথী আক্তার; লক্ষ্মীপুর সদর এলাকার নূর করিমের ছেলে ইসমাইল হোসাইন; ময়মনসিংহের কোতোয়ালি থানার শম্ভুগঞ্জ এলাকার মৃত আবদুল জলিলের ছেলে আসাদুজ্জামান (হৃদয়); নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর এলাকার আবদুল বাছার মির্জার ছেলে ইয়াসিন; একই থানার পশ্চিম মাসদাইর এলাকার আবদুস সাত্তারের ছেলে ইকবাল হোসেন; দক্ষিণ মাসদাইর এলাকার বাবুল হাসানের ছেলে শিবলী হাসান ওরফে শিপু হাসান; পশ্চিম মাসদাইর এলাকার সফি উদ্দিনের ছেলে জাকির হোসাইন; সিদ্ধিরগঞ্জ এলাকার আবদুল খালেক মিয়ার ছেলে আরিফ হোসাইন; বরিশালের সেলিম মোল্লার ছেলে মাহাব হোসাইন ওরফে মাহে ইসলাম; আবদুল হোসাইনের ছেলে সাইফুল ইসলাম সাদ্দিন; বাবুলের ছেলে সাগর; মৃত আবদুল হান্নান সান্তো সরকারের মেয়ে ইতি আক্তার; মুন্সীগঞ্জের লৌহজং এলাকার নান্নু শেখের ছেলে সাগর আহমেদ; আলী হোসাইনের ছেলে ফয়সাল আহমেদ; নূরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম; রহমান বানুর ছেলে দিকেল বানু; মাগুরার শ্রীপুর এলাকার কুদ্দুস মোল্লা ওরফে বিষা মোল্লার ছেলে শিবলী মোল্লা; সাতক্ষীরার শ্যামনগর এলাকার রেজাউল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ সুমন; মাদারীপুরের সদর থানার দাসার এলাকার ইসমাইল ওরফে ইস্কান্দার সিকদারের ছেলে ইমরান হোসাইন এবং চাঁদপুরের কচুয়া এলাকার বাবুল সর্দার ওরফে সিরাজ সর্দারের ছেলে ইশান সর্দার।
বাংলাদেশ সময়: ২৩:৩২:২১ ● ১৪ বার পঠিত
