বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬

পাথরঘাটায় এক ইলিশ বিক্রি হলো ১৫ হাজার ৯৩০ টাকায়

হোম » জেলে-মৎস্য » পাথরঘাটায় এক ইলিশ বিক্রি হলো ১৫ হাজার ৯৩০ টাকায়
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

পাথরঘাটায় এক ইলিশ বিক্রি হলো ১৫ হাজার ৯৩০ টাকায়

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার পাথরঘাটায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকৃতির ইলিশটি ঘাটে আসার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

 

বুধবার রাতে পাথরঘাটা উপজেলা-সংলগ্ন বলেশ্বর নদীতে জেলে আলতাফ হোসেন মাঝির জালে মাছটি ধরা পড়ে। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা এলাকার বাসিন্দা। মাছটি পাওয়ার পর রাতে নিরাপদে রেখে বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য বিএফডিসি ঘাটে নিয়ে আসেন তিনি।

 

মাছটি ঘাটে আসার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ভিড় করেন জেলে, মাছ ব্যবসায়ীসহ স্থানীয় উৎসুক মানুষ। অনেকে মাছটির ওজন ও দাম জানতে চান। কেউ কেউ মোবাইল ফোনে মাছটির ছবি তোলেন।

 

পরে দরদাম শেষে মাছটি ১৫ হাজার ৯৩০ টাকায় কিনে নেন মেসার্স নিউ আল আমিন ফিসের পাইকার পলাশ।

 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এত বড় ইলিশ খুব কমই দেখা যায়। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর।’

 

জেলে আলতাফ হোসেন মাঝি বলেন, ‘দীর্ঘদিন ধরে সাগরে ইলিশ মাছ ধরি। আমার জীবনে এত বড় মাছ দেখিনি। মাছটি দেখে আনন্দে মনটা ভরে গেছে।’

 

মৎস্য ব্যবসায়ীরা জানান, পাথরঘাটার উপকূলীয় নদ-নদী ও সাগরসংলগ্ন এলাকায় ইলিশ পাওয়া গেলেও বড় আকারের ইলিশ তুলনামূলক কম ধরা পড়ছে। ফলে বড় এই ইলিশটি ঘাটে আসায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৭ ● ৩৩ বার পঠিত