বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচিতে ৫১৮৭ চারা বিতরণ

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচিতে ৫১৮৭ চারা বিতরণ
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 আগৈলঝাড়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচিতে ৫১৮৭ চারা বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে বরিশালের আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ১৮৭টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেন।

 

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, যুবদল নেতা বেল্লাল ফকির ও আসিফ আকবরসহ শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ করে নিয়মিত পরিচর্যা করলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

তিনি বলেন, শুধু চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। গাছকে বড় করে তুলতে নিয়মিত পরিচর্যা, সময়মতো পানি দেওয়া এবং প্রয়োজনীয় যত্ন নেওয়া জরুরি। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিজের লাগানো গাছটির দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে উঠবে।

 

শিক্ষকরা বলেন, বিদ্যালয়ভিত্তিক এ উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিতরণ করা চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে রোপণ করে যথাযথভাবে পরিচর্যা করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১:১৩:৫৭ ● ১৯ বার পঠিত