বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬

চরফ্যাশনে প্রাথমিক শিক্ষিকাকে লাঠিপেটা, থানায় লিখিত অভিযোগ

হোম » ভোলা » চরফ্যাশনে প্রাথমিক শিক্ষিকাকে লাঠিপেটা, থানায় লিখিত অভিযোগ
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

চরফ্যাশনে সহকারী শিক্ষিকাকে মারধরের অভিযোগ থানায়

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশনে রাজিয়া বেগম নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার নজরুলনগর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হাসনাইনের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষিকা।

 

রাজিয়া বেগম উপজেলার ১৭০ নম্বর চর আর কলমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করার পর অসুস্থ মেয়েকে দেখতে ছুটির অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

 

পথে নজরুলনগর ইউনিয়ন পরিষদ এলাকার কাছে মাঝেরচর ৫ নম্বর ওয়ার্ডের পরিষদের উত্তর পাশে নসু ডাক্তার নামে এক পল্লিচিকিৎসকের বাড়ির সামনে পৌঁছালে হাসনাইন নামের এক ব্যক্তি তাঁর ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হন তিনি।

 

শিক্ষিকার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় রাজিয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

 

ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাওয়া বেগম বলেন, রাজিয়া ফোন করে কান্নাকাটি করে তাঁকে বিষয়টি জানান। তবে তিনি রাজিয়াকে নিজেদের মধ্যে বসে বিষয়টি সমাধানের পরামর্শ দিয়েছেন।

 

অভিযোগের বিষয়ে হাসনাইন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি যদি সত্যি হয়ে থাকে, তাহলে অভিযুক্ত হাসনাইনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখে তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩০ ● ২৩ বার পঠিত