বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬

আমতলীতে আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ, বরিশালে পাঠানো হয়েছে

হোম » লিড নিউজ » আমতলীতে আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ, বরিশালে পাঠানো হয়েছে
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬


 

আমতলীতে আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ, বরিশালে পাঠানো হয়েছে

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর আনা আখরোট খেয়ে সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, আমতলী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী রাতে কোচিং করতে আসে। বুধবার সন্ধ্যায় যথারীতি কোচিং চলছিল। রাত সাড়ে ৭টার দিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন তার প্রবাসী বাবার আনা আখরোট নিয়ে বিদ্যালয়ে আসে। পরে সে সহপাঠীদের মধ্যে ওই ফল বিতরণ করে। আখরোট খাওয়ার পর তানিয়া, উর্মী, মিম, এলমা, মরিয়ম, ফাতেমা ও সামিয়া অসুস্থ হয়ে পড়ে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

 

অসুস্থ শিক্ষার্থীদের বমি, শ্বাসকষ্ট ও অস্থিরতা দেখা দিলে খবর পেয়ে তাদের স্বজনেরা বিদ্যালয়ে ছুটে আসেন। এ সময় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। একপর্যায়ে বিদ্যালয়টি প্রায় ফাঁকা হয়ে যায়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

অভিভাবক মিলন ফকির, জসিম বয়াতি ও আবুল হোসেন বলেন, ‘খবর পেয়ে বিদ্যালয়ে এসে দেখি মেয়েরা বমি করছে এবং শ্বাসকষ্টে ভুগছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা আমরা বলতে পারি না।’

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলাইমান হোসেন বলেন, ‘সপ্তম শ্রেণির ১০ জন শিক্ষার্থীর মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তবে কেন তারা অসুস্থ হয়েছে, তা আমার জানা নেই।’

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের চিকিৎসার জন্য সহযোগিতা করা হয়েছে। আবির নামের এক শিক্ষার্থী তার প্রবাসী বাবার আনা আখরোট সহপাঠীদের খাইয়েছে। ওই ফল খাওয়ার পর কয়েকজন ছাত্রী অসুস্থ হয়েছে। তবে মরিয়ম ও সামিয়া নামের দুই শিক্ষার্থী ফল না খেয়েও অসুস্থ হয়েছে বলে আমরা শুনেছি। আবিরকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।’

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভেন্দু বায় বলেন, ‘শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শ্বাসকষ্ট, অস্থিরতা ও বমির সমস্যায় ভুগছিল। তবে সঠিক কী খেয়ে তারা অসুস্থ হয়েছে, তা নিশ্চিতভাবে বলা কঠিন।’

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

বাংলাদেশ সময়: ২৩:১৯:০৫ ● ১৩ বার পঠিত