বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
বেতাগীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আদূরীর পড়াশোনার দায়িত্ব নিল সংগঠন
হোম » পিরোজপুর » বেতাগীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আদূরীর পড়াশোনার দায়িত্ব নিল সংগঠন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে দরিদ্র মেধাবী শিক্ষার্থী মোছা. আদূরীর পড়াশোনার দায়িত্ব নিয়েছে বেতাগী জনকল্যাণ পরিষদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বেতাগী মডেল মসজিদের প্রশিক্ষণকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেতাগী জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতাগী জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ড. মহিবুল্লাহ শাহিন, বেতাগী থানার উপপরিদর্শক হুমায়ূন কবির, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সংগঠনের উপদেষ্টা মাওলানা সাইদুল ইসলাম সোহরাব, বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হালিম এবং করুণা মোকামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ সাইফুল ইসলাম ফুয়াদ।
অনুষ্ঠানে বেতাগী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী কথা মনি হালদার, চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. আদূরী, অভিভাবক সঞ্জয় হালদার ও এবিএম শফিকুল আলম বক্তব্য দেন।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শিল্পী ফয়সাল মাহমুদ। শেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২২:১৬:০৮ ● ২৬ বার পঠিত
