বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় ৩ বছরের শিশুর জিম্মা নিয়ে আদালতের রায়ে জয়ী হলো বাবা

হোম » আইন-আদালত » বরগুনায় ৩ বছরের শিশুর জিম্মা নিয়ে আদালতের রায়ে জয়ী হলো বাবা
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনায় ৩ বছরের শিশুর জিম্মা নিয়ে আদালতের রায়ে জয়ী হলো বাবা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় তিন বছর চার মাস বয়সী এক শিশুর জিম্মা নিয়ে বিরোধে নিম্ন আদালতের আদেশ বহাল রেখেছেন জেলা ও দায়রা জজ আদালত। খালার করা ফৌজদারি রিভিশন আবেদন খারিজ করে শিশুটিকে তার বাবার জিম্মায় রাখার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার রাকিবুল ইসলাম রাজনের স্ত্রী মোনালিসা জেরিন ২০২৫ সালের ৬ জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তাঁদের একমাত্র কন্যা মোসা. রুকাইয়া ইসলাম ইয়ানার জিম্মা নিয়ে বাবা ও খালার মধ্যে বিরোধ দেখা দেয়।

মোনালিসা জেরিনের বড় বোন সারমিন সুলতানা আসমার দাবি, জন্মের পর থেকেই শিশুটি তাঁর কাছে লালিত-পালিত হয়ে আসছিল। বাবা শিশুটিকে জোরপূর্বক নিয়ে গিয়ে অবৈধভাবে আটকে রেখেছেন অভিযোগে তিনি ২০২৬ সালের ২৭ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

আদালতের নির্দেশে পুলিশ গত ৪ জুন শিশুটিকে উদ্ধার করে আদালতে হাজির করে। পরে ১৮ জুন উভয় পক্ষের শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলাটি নথিজাত করে শিশুটিকে তার পিতার জিম্মায় রাখার নির্দেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে খালা জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন।

বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, মুসলিম পারিবারিক আইন ও গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট অনুযায়ী পিতা নাবালক সন্তানের স্বাভাবিক ও আইনগত অভিভাবক।

রায়ে সন্তোষ প্রকাশ করে শিশুটির বাবা রাকিবুল ইসলাম রাজন বলেন, “এ রায়ের মাধ্যমে আইনের সঠিক প্রয়োগ হয়েছে এবং আমার মেয়ের সর্বোত্তম স্বার্থ ও কল্যাণ নিশ্চিত হয়েছে।”

শিশুটির খালা সারমিন সুলতানা আসমা বলেন, বোনের মৃত্যুর পর তিনি শিশুটিকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। এ অবস্থায় তিনি কী করবেন, তা বুঝতে পারছেন না।

বাংলাদেশ সময়: ২১:১৬:০০ ● ২৪ বার পঠিত