বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাট শহরে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান শুরু
হোম » খুলনা » বাগেরহাট শহরে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান শুরু![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট শহরে বেওয়ারিশ ও সড়কে বের হওয়া গৃহপালিত কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌরসভা এ উদ্যোগ নিয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভা চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, টিকাদান বিশেষজ্ঞ ও ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ জানায়, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েছে। বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে গত তিন মাসে সাড়ে ৭ হাজার মানুষ জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন।
মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ফেনীর ডগ এক্সপার্ট টিমের সঙ্গে চুক্তি করেছে বাগেরহাট পৌরসভা। দলটির সদস্যরা পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের পাশাপাশি সড়কে বের হওয়া গৃহপালিত কুকুরকেও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেবেন বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২১:০২:৪৮ ● ১৫ বার পঠিত
