মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬

বরগুনার বেতাগীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

হোম » বরগুনা » বরগুনার বেতাগীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনার বেতাগীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বেতাগীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন বেতাগীর সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি মো. শাহজাহান কবির।

 

সভাপতির বক্তব্যে নুসরাত জাহান বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়, সঠিক সিদ্ধান্ত নিতে শেখে এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠে। শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই উন্নত সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

তিনি বলেন, বেতাগীর প্রতিটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে নারী, শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

নুসরাত জাহান আরও বলেন, বর্তমান সময়ে প্রচলিত সাক্ষরতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারের সক্ষমতা অর্জনও জরুরি। ডিজিটাল জ্ঞানসম্পন্ন নাগরিক গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন ও সুযোগ সম্প্রসারণ প্রয়োজন।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান কবির বলেন, শিক্ষা কেবল অক্ষরজ্ঞান অর্জনের বিষয় নয়; এটি মানুষের জীবনমান ও চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনে। নিরক্ষরতার অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষিত সমাজ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান এবং বেতাগী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল খান।

 

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে শতভাগ সাক্ষরতা নিশ্চিত, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বেতাগী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহীন নারী শিক্ষার গুরুত্ব এবং আধুনিক যুগে তথ্যপ্রযুক্তিনির্ভর সাক্ষরতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০:২০:৩৬ ● ১৮ বার পঠিত