মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

হোম » খুলনা » ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

ভারতে অবৈধভাবে প্রবেশের পর আটক হয়ে কারাভোগ শেষে দুই বাংলাদেশি নারী বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটে ভারতের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ফেরত আসা দুই নারী হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের বি এম ল্যাবুর মেয়ে লাবনী বিশ্বাস এবং নড়াইল সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের মহিষখোলা এলাকার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভালো কাজ ও জীবিকার আশায় দালালের প্রলোভনে পড়ে ২০২৪ সালের ৪ আগস্ট তাঁরা অবৈধ পথে ভারতে যান। সেখানে পুলিশের হাতে আটক হওয়ার পর কর্ণাটকের বেঙ্গালুরুর বোম্মানাহাল্লি থানার মামলায় স্থানীয় আদালতের নির্দেশে তাঁরা কারাভোগ করেন। সাজা শেষ হলে তাঁদের বেঙ্গালুরুর বালামন্দির চাইল্ড হোমে রাখা হয়।

পরে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুই নারীকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে গত ৩ জুলাই দেওয়া ট্রাভেল পারমিট এবং ব্যাঙ্গালোরের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে ৪ সেপ্টেম্বর দেওয়া এক্সিট পারমিটের ভিত্তিতে তাঁদের স্বদেশে প্রত্যাবাসন করা হয়।

বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ, ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার এবং বোম্মানাহাল্লি থানার এক উপপরিদর্শক উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ এবং ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ইন্টিগ্রেটেড চেকপোস্ট কোম্পানি কমান্ডার তাঁদের গ্রহণ করেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাইফুর রহমান বলেন, কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে দুই নারীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে দুই নারীকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম বলেন, দুই নারীর স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। স্বজনেরা এলে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে তাঁরা সংস্থাটির যশোরের শেল্টার হোমে নিরাপদ হেফাজতে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৫৭ ● ১৮ বার পঠিত