মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পায়রা বন্দরের ১ নম্বর জেটির পূর্ব পাশে লাল বয়া সংলগ্ন রাবনাবাদ নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাদল সরদার বাউফল উপজেলার কালাইয়া এলাকার মো. অহিদ সরদারের ছেলে।
পায়রা বন্দর নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাবনাবাদ নদীতে মাছ ধরতে জাল ফেলছিলেন বাদল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে পায়রা বন্দর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ সময় তল্লাশি করেও ওই সময় তার সন্ধান পাওয়া যায়নি।
পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) নয়ন কারকুন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে রাবনাবাদ নদী থেকে বাদল সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৪৪:৪৩ ● ২১ বার পঠিত
