মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬

শহর পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর থাবা, কয়রায় হাসপাতালে ভর্তি ৫

হোম » সর্বশেষ » শহর পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর থাবা, কয়রায় হাসপাতালে ভর্তি ৫
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

শহর পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর থাবা, কয়রায় হাসপাতালে ভর্তি ৫

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম।

 

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা হলেন- ঘুগরাকাঠী এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওয়া গ্রামের ইকবাল হোসেন (৩৫), তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) এবং বমিয়া এলাকার রিয়াজ মোল্লা (২৩)।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

 

এদিকে উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আক্রান্ত পাঁচজন রোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

 

তিনি বলেন, ‘জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’ পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বাড়ির আশপাশে কোথাও পানি জমে না রাখার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:০৬ ● ২১ বার পঠিত