রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
রাঙ্গাবালীতে জেলে ট্রলারে বজ্রপাত, নিহত ২
হোম » জেলে-মৎস্য » রাঙ্গাবালীতে জেলে ট্রলারে বজ্রপাত, নিহত ২

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় জেলে ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।
জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে তার ভাই ইমন খাঁসহ পাঁচজন জেলে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে নদীতে জাল ফেলা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন। পরে আহতদের মধ্যে ইমন খাঁ ও শাকিব শিকদারের মৃত্যু হয়।
রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত অবস্থায় ইমন খাঁ ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। জেলেদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’
বাংলাদেশ সময়: ২১:২২:০২ ● ৩০ বার পঠিত
