গৌরনদীর প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ

হোম » বরিশাল » গৌরনদীর প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীর প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং পরিচ্ছন্ন বিদ্যালয় পরিবেশ নিশ্চিত করতে বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৬ আগস্ট) সকাল ১১টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নূরুল আলম ভূঁয়া।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, প্রবাসী মোঃ মিজানুর রহমান মুন্সী, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সরদারসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকরা।

 

কর্মসূচিতে সার্বিক অর্থায়নে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক ও ইতালিপ্রবাসী মোঃ গোলাম কিবরিয়া তালুকদার এবং টরকী বন্দর বণিক সমিতির সভাপতি হাসান সাহাবুব শরীফ।

 

মোঃ গোলাম কিবরিয়া তালুকদার বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।

 

তিনি বলেন, বিদ্যালয় পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন ডাস্টবিনের যথাযথ ব্যবহার করে এবং বিদ্যালয়সহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

 

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়া জরুরি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।

 

বক্তারা বলেন, বিদ্যালয় শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। তাই বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য ডাস্টবিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

 

পরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা এ উদ্যোগকে বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৫:০১:১৬ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ