শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬

তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে জেলে নিহত

হোম » জেলে-মৎস্য » তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে জেলে নিহত
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে জেলে নিহত

সাগরকন্যা প্রতিবেদক, তজুমদ্দিন (ভোলা)

 

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর বাসনভাঙ্গা চরে মাছ ধরার সময় বজ্রপাতে নজরুল ইসলাম মঞ্জু (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বজ্রপাতের পর অন্য জেলেরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত নজরুল ইসলাম মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামূল্যাহ গ্রামের মৃত বদিউজ্জামালের ছেলে।

 

শশীগঞ্জ মাছঘাটের আড়ৎদার জামাল উদ্দিন জানান, তার আড়তের কয়েকজন জেলে মাছ ধরে ঘাটে ফেরার পথে বাসনভাঙ্গা চরে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি অন্য জেলেদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলাম মঞ্জুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু রায় রাজিব জানান, দুপুর দেড়টার দিকে বজ্রপাতে আক্রান্ত অবস্থায় ওই জেলেকে হাসপাতালে আনা হয়। তার শরীরের একাংশ ঝলসে যাওয়ার চিহ্ন ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

 

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বজ্রপাতে এক জেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০০:২৩ ● ২২ বার পঠিত