শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটায় ৬ ফুটের মৃত বোতলনোজ ডলফিন, শরীরে ক্ষতচিহ্ন

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ৬ ফুটের মৃত বোতলনোজ ডলফিন, শরীরে ক্ষতচিহ্ন
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

কুয়াকাটায় ৬ ফুটের মৃত বোতলনোজ ডলফিন, শরীরে ক্ষতচিহ্ন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৬ ফুট লম্বা একটি মৃত বোতলনোজ ডলফিন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা ডলফিনটির মরদেহ দেখতে পেয়ে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যদের খবর দেন।

 

খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, ডলফিন রক্ষা কমিটি, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ও বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করেন। এ সময় ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন এবং লেজে দড়ি বাঁধা অবস্থায় পাওয়া যায়। দীর্ঘ সময় পানিতে থাকায় শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, মৃত সামুদ্রিক প্রাণীর শরীরে প্রায়ই জালের অংশ বা দড়ি পাওয়া যায়, যা উদ্বেগজনক। পচন ধরায় জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় ডলফিনটির মরদেহ নির্ধারিত স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহসাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু জানান, উদ্ধার হওয়া ডলফিনটি একটি পুরুষ বোতলনোজ ডলফিন। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত কুয়াকাটা উপকূলে ১৬টি মৃত ডলফিন ভেসে এসেছে।

 

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত ডলফিনটি বালুচাপা দিয়ে সংরক্ষণ করা হয়েছে। মৃত ডলফিন বা কচ্ছপের খবর পেলে বন বিভাগ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৪৫ ● ২৪ বার পঠিত