শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
লাল শাপলার রক্তিম সৌন্দর্যে মুখর আগৈলঝাড়ার বাগধা বিল
হোম » পর্যটন » লাল শাপলার রক্তিম সৌন্দর্যে মুখর আগৈলঝাড়ার বাগধা বিল

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের আগৈলঝাড়ার বাগধা বিলে এখন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আয়োজন। চারপাশের সবুজ জলাভূমির মাঝে হাজারো লাল শাপলার সমারোহ যেন প্রকৃতির ক্যানভাসে রক্তিম আভা ছড়িয়ে দিয়েছে। এই নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।
আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা বিল স্থানীয়ভাবে ‘লাল শাপলার বিল’ নামে পরিচিত। বিলের গভীরে যত এগোনো যায়, ততই চোখে পড়ে লাল শাপলার বিস্তৃতি। শহুরে ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা প্রশান্তির খোঁজে প্রকৃতিপ্রেমীদের কাছে স্থানটি হয়ে উঠছে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য।
বাগধা বিলের পাশাপাশি আশপাশের আস্কোর, বারপাইকা, কড়াইবাড়ী, শুয়াগ্রাম এবং উজিরপুর উপজেলার সাতলা, নয়াকান্দি ও হারতার বিভিন্ন জলাশয়েও এখন ফুটেছে শাপলা। জলাভূমিজুড়ে লাল ফুলের সমারোহ গ্রামীণ প্রকৃতিতে যোগ করেছে ভিন্নমাত্রা।
দর্শনার্থীদের মতে, ভোরের আলোয় শাপলার বিল সবচেয়ে আকর্ষণীয় রূপ ধারণ করে। সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে শাপলার পাপড়ি গুটিয়ে যেতে শুরু করে। তাই লাল শাপলার পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে বিলে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।
জুন থেকে শাপলা ফুটতে শুরু করলেও জুলাইয়ের শেষ দিক থেকে অক্টোবর পর্যন্ত বিলজুড়ে এর সৌন্দর্য সবচেয়ে বেশি দেখা যায়।
যেভাবে যাবেন
নৌপথে: ঢাকা সদরঘাট থেকে বিশারকান্ধিগামী লঞ্চে বাগধা পয়েন্টে নামা যায়। এছাড়া বরিশালে এসে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আগৈলঝাড়া-পয়সারহাটগামী বাসে যাওয়া সম্ভব।
সড়কপথে: ঢাকা থেকে সরাসরি পয়সারহাটগামী বাসে গিয়ে সেখান থেকে স্থানীয় যানবাহন বা ট্রলারে বাগধা বিল এলাকায় পৌঁছানো যায়।
বিলের আশপাশে পর্যাপ্ত বাণিজ্যিক আবাসনের ব্যবস্থা না থাকলেও স্থানীয়দের সহযোগিতায় রাতযাপনের সুযোগ রয়েছে। এছাড়া বরিশাল শহরে অবস্থান করে ভোরে বাগধা বিলে ঘুরে আসার সুযোগও রয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৩৩:৫০ ● ৩২ বার পঠিত
