শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বিষখালীর ভাঙনে ঝুঁকিতে বামনা শহর, প্রতিরক্ষা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
হোম » বরগুনা » বরগুনায় বিষখালীর ভাঙনে ঝুঁকিতে বামনা শহর, প্রতিরক্ষা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বিষখালী নদীর অব্যাহত ভাঙনে ঝুঁকিতে থাকা বামনা শহর, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় টেকসই নদী প্রতিরক্ষা ও পানি ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাঃ এনামুল হক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রস্তাবিত প্রকল্প এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় নদীভাঙনের তীব্রতা, ঝুঁকিপূর্ণ এলাকা, নদীর গতিপ্রকৃতি, বিদ্যমান পানি ব্যবস্থাপনা এবং কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিবের সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আশেকুল হক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঢাকা কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ডিজাইন অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ সাইফ উদ্দিন এবং বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হান্নান প্রধান।
সরেজমিনে প্রকল্প এলাকার ভৌগোলিক অবস্থান, নদীর গতিপথ, ভাঙনপ্রবণ স্থান এবং সম্ভাব্য প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাঃ এনামুল হক বলেন, ‘বিষখালী নদীর ভাঙন থেকে বামনা শহরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো রক্ষায় প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। নদীর বাস্তব পরিস্থিতি, কারিগরি দিক এবং প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে।’
তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সম্ভাব্যতা যাচাই, বাছাই ও কারিগরি মূল্যায়ন শেষে প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করা হবে। এরপর প্রকল্পের প্রয়োজনীয়তা, বাস্তবায়নযোগ্যতা ও অগ্রাধিকার বিবেচনায় সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ সময়: ১৯:৩১:১৬ ● ২৩ বার পঠিত
