
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বক্তারা ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার সার্বজনীন শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির ও আখড়াবাড়ির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।
সার্বজনীন আখড়াবাড়ি কমিটির সভাপতি দিলীপ কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, মানবতা ও শান্তির শিক্ষা দেয়। অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার যে দর্শন শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন, তা বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক।
তিনি বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে ধর্ম মানুষের পরিচয়ের অংশ হবে, বিভেদের কারণ নয়। প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমেই নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনিমেষ বিশ্বাস আরও বলেন, বরগুনার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের। কোনোভাবেই এই ঐতিহ্য নষ্ট হতে দেওয়া যাবে না। ধর্মীয় উৎসব মানুষকে বিভক্ত নয়, বরং পরস্পরের কাছে আসার সুযোগ তৈরি করে। তাই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও শক্তিশালী করতে হবে।
আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর জীবনাদর্শ মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবকল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্বজনীন শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দিরের সাধারণ সম্পাদক উত্তম কর্মকার।
আলোচনা সভা শেষে ধর্মীয় সংগীত, স্লোগান ও নানা আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলে উৎসবমুখর হয়ে ওঠে বরগুনা শহর।