আগৈলঝাড়ায় জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবন ও ধর্মীয় নানা আখ্যান তুলে ধরে বিভিন্ন সাজে অংশ নেন ভক্তরা। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

 

মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন এমপি।

 

এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন এমপি।

 

সভায় আরও বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতিন্দ্র নাথ মিস্ত্রী ও সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র হালদারসহ অনেকে।

 

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এদিকে উপজেলার বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।

 

হিন্দু পুরাণ অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অসুর শক্তির বিনাশ, মানবতার রক্ষা এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯:০৬:০১ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ