বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬

সাইবার বুলিং মামলায় মোংলার সাংবাদিক গ্রেপ্তার

হোম » খুলনা » সাইবার বুলিং মামলায় মোংলার সাংবাদিক গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


 

সাইবার বুলিং মামলায় মোংলার সাংবাদিক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

নতুন গেজেটভুক্ত সাইবার সুরক্ষা আইনের আওতায় দায়ের করা মামলায় সময় টেলিভিশনের চিত্রগ্রাহক ও দৈনিক যশোর পত্রিকার মোংলা প্রতিনিধি রেজা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, নতুন আইনের আওতায় এটি প্রথম মামলা।

 

মামলার বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আদালতের আদেশ পাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে মামলার আসামি রেজা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোংলার ময়লাপোতার এক নারীর ভাই বাদী হয়ে সাইবার বুলিংয়ের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় ওই নারীসহ আরও কয়েকজনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

 

গ্রেপ্তারের আগে রেজা মাসুদ দাবি করেন, তিনি মূলত ইয়াবা বিক্রি ও মাদককারবারিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার। সমাজকে সচেতন করতে বিভিন্ন তথ্য-প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার চেষ্টা করছিলেন। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে মাদকের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান।

 

অন্যদিকে, মামলার ভুক্তভোগী ও ‘কেয়া ব্রাইডাল লুকস বিউটি পার্লার’-এর মালিক ফাতেমা আক্তার কেয়া বলেন, তিনি প্রায় আট বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। তার অভিযোগ, সাবেক স্বামীর কাছ থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে রেজা মাসুদ এবং জিনি আক্তার নামে এক নারী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে আসছিলেন।

 

এ বিষয়ে মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান বলেন, তড়িঘড়ি করে মামলা দায়েরের পর তাৎক্ষণিকভাবে রেজা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বিষয়টি ষড়যন্ত্রমূলক বলে মনে হচ্ছে। তিনি রেজা মাসুদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত মোংলা প্রেস ক্লাবের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন সাংবাদিক রেজা মাসুদ।

বাংলাদেশ সময়: ২০:১৭:২৯ ● ৯ বার পঠিত