
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
চাঁদা দাবি ও পাইপ ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর পিরোজপুরে বিএনপি নেতা ও কদমতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম শেখের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। মানববন্ধন থেকে মামলাটির অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুস সালাম শেখ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি বিভিন্ন মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা। তার বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা বর্তমান মামলার অভিযোগ নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে আব্দুস সালাম শেখসহ মামলায় গ্রেপ্তার অন্য ব্যক্তিদের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সায়েম শেখ, সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ, বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. রিয়াজ হোসেন উজ্জ্বল, শিক্ষক বাসুদেব সেন, ফারুক শেখ, বাবুল শেখ, জাহিদ শেখ, ইদ্রিস মোল্লা, মহসিন মোল্লা ও সুমি আক্তারসহ অন্যরা।
উল্লেখ্য, পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের গ্রিডে বালু ভরাটের কাজে ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও পাইপ ভাঙচুরের অভিযোগে গত ৩০ আগস্ট ঠিকাদার জাকির হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
তবে মামলার অভিযোগ এবং গ্রেপ্তারের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।