
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় টানা দুই দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত উপজেলায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
টানা বৃষ্টিতে শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানির নিচে রয়েছে আমনের বীজতলা ও ক্ষেত। অতিবৃষ্টিতে বর্ষাকালীন সবজি চাষিরাও উদ্বেগে রয়েছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। একই সঙ্গে পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মহিপুরের আমনচাষি আবদুর রহিম বলেন, দুই দিনের বৃষ্টিতে আমার সব বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। আরও বৃষ্টি হলে বীজ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নীলগঞ্জ ইউনিয়নের সবজি চাষি মো. সত্তার বলেন, অতিবৃষ্টির কারণে সবজির গোড়া পচে যাওয়ার আশঙ্কা করছি। কৃষকরা এখন ফসল রক্ষা নিয়ে উদ্বেগে রয়েছেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, অতিবৃষ্টির কারণে উপজেলার কৃষকরা উদ্বেগে রয়েছেন। কৃষকদের নিজ নিজ এলাকার স্লুইসগেটগুলোর দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।