বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় গোলপাতার গুড় তৈরির উপকরণ পেলেন ২৪০ চাষি

হোম » কৃষি » কলাপাড়ায় গোলপাতার গুড় তৈরির উপকরণ পেলেন ২৪০ চাষি
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়ায় গোলপাতার গুড় তৈরির উপকরণ পেলেন ২৪০ চাষি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৪০ জন চাষিকে প্রশিক্ষণ ও গুড় তৈরির প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার চাকামইয়া, নীলগঞ্জ, টিয়াখালী, মিঠাগঞ্জ, মহিপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের ২৪০ জন চাষির মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

 

বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে রস জ্বাল দেওয়ার সিলভারের ডোঙ্গা, কলস, লোহার দাসহ আট ধরনের প্রয়োজনীয় সামগ্রী।

 

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, সিপিপির সহকারী পরিচালক মো. আছাদ উজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী এবং পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক।

 

এর আগে বুধবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম ব্যাচে ৬০ জন চাষিকে গোলপাতার গুড় উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম।

 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বরিশাল কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গণপতিসহ ছয়জন বিশেষজ্ঞ।

বাংলাদেশ সময়: ২১:২৫:২৭ ● ১৪ বার পঠিত