মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

হোম » সর্বশেষ » মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান। হাসপাতালের অবকাঠামোগত সংকট, চিকিৎসক স্বল্পতা ও রোগীর চাপ পর্যবেক্ষণ করে চিকিৎসাসেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

 

সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং কর্মরত চিকিৎসক ও নার্সদের কাছ থেকে হাসপাতালের চিকিৎসাসেবার বাস্তব চিত্র ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।

 

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, ‘এখানে রোগীর অনেক চাপ। কিন্তু মেডিকেল অফিসার অনেক কম আছেন। অবকাঠামোগত সমস্যা সমাধান হলে সেবার মান আরও বাড়বে।’

 

তিনি বলেন, ‘হাসপাতালে যারা নিয়োজিত আছেন, তারা চেষ্টা করছেন। তবে আরও ভালো করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। লজিস্টিক সাপোর্ট দেওয়া হলে সেবার মান আরও উন্নত হবে। ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করেছি, সেখানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’

 

মেহেন্দিগঞ্জের চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান সিভিল সার্জন। তিনি বলেন, এক্স-রে মেশিন চালু, আল্ট্রাসনোগ্রাম সেবা বৃদ্ধি এবং ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষার সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।

 

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সটির শয্যাসংখ্যা বৃদ্ধির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫১ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুর রহমান বলেন, ‘সিভিল সার্জন স্যার যোগদানের পরপরই মেহেন্দিগঞ্জে এসেছেন। তিনি হাসপাতালের চিকিৎসাসেবার খোঁজ-খবর নিয়েছেন এবং সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। হাসপাতালের নানা সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।’

 

উল্লেখ্য, গত ২৪ আগস্ট ২০২৬ বরিশালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. মো. সাইয়েদুর রহমান। সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা রয়েছে। সিভিল সার্জনের পরিদর্শন ও সেবার মানোন্নয়নের আশ্বাসে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৮ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ