গৌরনদীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, মাদকাসক্ত ব্যক্তির কারাদণ্ড

হোম » বরিশাল » গৌরনদীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, মাদকাসক্ত ব্যক্তির কারাদণ্ড
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

গৌরনদীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, মাদকাসক্ত ব্যক্তির কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিতকরণ এবং মাদক প্রতিরোধে বরিশালের গৌরনদীতে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও ফার্মেসিতে অভিযান চালানো হয়।

 

অভিযানকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের খাবার পরিদর্শন করে সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়। একটি রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে ১০ হাজার টাকা এবং অপর একটি খাদ্য উৎপাদনকারী কারখানায় উৎপাদিত খাবারের স্থানে পাখির মল পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ছাড়া দুটি ফার্মেসিতে নির্ধারিত তাপমাত্রায় রেফ্রিজারেটর ব্যবহার না করা, ওষুধের গুণগত মান নিশ্চিত না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

 

একইদিন গৌরনদীর টরকী চাতাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে একজন মাদকাসক্ত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

অভিযানকালে সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য, ওষুধ সংরক্ষণ ও বিক্রয় এবং মাদকবিরোধী আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিতকরণ এবং মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৮ ● ৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ