পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, জেলহাজতে

হোম » ভোলা » পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, জেলহাজতে
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, জেলহাজতে

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশনে ১৬ বছর বয়সী এক পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. রাকিব মাতাব্বর (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার রাকিব মাতাব্বর উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মজিবল হকের ছেলে। গত ২৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে চরফ্যাশন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে এর একদিন পর পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

 

মামলা ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. আলমগীর বাদী হয়ে গত ২২ মে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার নম্বর ২৬।

 

এজাহারে অভিযোগ করা হয়, রাকিব মাতাব্বর দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৪ জানুয়ারি জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তাকে চরফ্যাশন বাজারের একটি আবাসিক হোটেলের কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

এ ছাড়া গত ২২ মে রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত কৌশলে বাদীর বসতঘরে প্রবেশ করে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে পুনরায় ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ সময় ভুক্তভোগীর মা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে অভিযুক্ত ধস্তাধস্তি করে পালিয়ে যান।

 

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। সম্প্রতি ঢাকায় র‌্যাব তাকে গ্রেপ্তার করার পর চরফ্যাশন থানা পুলিশের একটি দল তাকে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৪ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ