কয়রায় পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন

হোম » খুলনা » কয়রায় পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

কয়রায় পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক কাঁকড়া ব্যবসায়ী।

 

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার আংটিহারা গ্রামের কাঁকড়া ব্যবসায়ী মোঃ সোহেল উদ্দিন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকায় মৌসুমভিত্তিক কাঁকড়ার ব্যবসা করে আসছেন তিনি। ব্যবসায়িক সূত্রে কাঁকড়া দেওয়ার কথা বলে উপজেলার ৫ নম্বর কয়রা গ্রামের মোহর পাড়ের ছেলে ইয়াদ পাড় ও রফিকুল গাজীর ছেলে আজিজুল ইসলাম ২০২৫ সালের ২০ জুলাই তার কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা গ্রহণ করেন। এ বিষয়ে প্রমাণ হিসেবে তারা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন বলেও দাবি করেন তিনি।

 

সোহেল উদ্দিনের অভিযোগ, টাকা নেওয়ার পর তারা কাঁকড়া ধরলেও তাকে কাঁকড়া না দিয়ে গোপনে অন্যত্র বিক্রি করতে থাকেন। পরে বিষয়টি জানতে পেরে তিনি তাদের কাছে পাওনা টাকা ফেরত দেওয়ার তাগিদ দেন। কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন।

 

তিনি আরও অভিযোগ করেন, গত ৮ আগস্ট পুনরায় পাওনা টাকা চাইতে গেলে ইয়াদ পাড় ও আজিজুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। এ বিষয়ে তিনি কয়রা থানা পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেছেন বলেও জানান।

 

সংবাদ সম্মেলনে সোহেল উদ্দিন অভিযোগ করেন, পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি মোবাইল ফোনে বিভিন্নভাবে হুমকি দেওয়া অব্যাহত রয়েছে বলে দাবি করেন।

 

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার পাওনা টাকা ফেরত পেতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩১:২৩ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ