রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চার নেতা গ্রেপ্তার
হোম » পিরোজপুর » চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চার নেতা গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) সালাম শেখকে ঢাকার একটি এলাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের কুমারখালী এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন কদমতলা এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে বালু ভরাটের কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু সরবরাহের কাজ শুরু করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, কাজ শুরুর পর সালাম শেখ জাকির হোসেনকে ওই কাজে অংশীদার করার জন্য চাপ দেন। এতে রাজি না হলে প্রতি ঘনফুট বালু সরবরাহের বিপরীতে এক টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন বাদী।
অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালাম শেখসহ তাঁর সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে।
এ ঘটনায় রবিবার জাকির হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৩৮:২০ ● ১৬ বার পঠিত
