গলাচিপায় প্রকৃত জেলে খাদ্য সহায়তা থেকে বঞ্চিতের অভিযোগ

হোম » পটুয়াখালী » গলাচিপায় প্রকৃত জেলে খাদ্য সহায়তা থেকে বঞ্চিতের অভিযোগ
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


গলাচিপায় প্রকৃত জেলের খাদ্য সহায়তা থেকে বঞ্চিতের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

দুই মাসের ইলিশ আহরণ নিষেধাজ্ঞাকালে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি থেকে প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে পটুয়াখালীর গলাচিপায়। নিবন্ধিত জেলেদের তালিকায় প্রকৃত অনেক জেলের নাম না থাকলেও ভিন্ন পেশার লোকজন খাদ্য সহায়তা পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে যাচাই-বাছাই ও পর্যায়ক্রমে তালিকা হালনাগাদের মাধ্যমে প্রকৃত জেলেদের অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।

গলাচিপা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিকাপুর গ্রামের জেলে শাহ আলম গাজী (৫০) অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও তিনি সরকারের জেলে খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি।

শাহ আলম গাজী বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে দক্ষিণ কালিকাপুর আবাসন প্রকল্পের উত্তর পাশে বোয়ালিয়া খালে জাল ও নৌকা দিয়ে মাছ শিকার করছি। মাছ বিক্রি করেই আমার সংসার চলে। অথচ জেলে খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় আমার নাম নেই। এটাই আমার জীবনের বড় কষ্ট।

তিনি আরও বলেন, সরকারের শর্ত অনুযায়ী আমার নৌকা ও জাল রয়েছে। তারপরও তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমার দাবি, আমাকে খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। তাহলে পরিবার-পরিজন নিয়ে কিছুটা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারব।

শাহ আলম গাজীর বাবা চানমিয়া গাজী বলেন, আমার ছেলের নৌকা ও জাল রয়েছে। সে নিয়মিত বোয়ালিয়া খালে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। তারপরও সে সরকারি খাদ্য সহায়তা পাচ্ছে না।

দক্ষিণ কালিকাপুর আবাসন প্রকল্প এলাকার দোকানি সালমা বলেন, শাহ আলম নৌকা ও জাল দিয়ে মাছ শিকার করে আমাদের কাছে বিক্রি করেন। তিনি একজন প্রকৃত জেলে এবং অত্যন্ত দরিদ্র মানুষ। খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় তার নাম থাকা প্রয়োজন।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মাঝি বলেন, শাহ আলম গাজী দীর্ঘদিন ধরে মাছ শিকার করেন। তিনি প্রকৃত জেলে। বিষয়টি বিবেচনা করে খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল নবী বলেন, যাচাই-বাছাই করেই প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় রাখা হয়েছে। পর্যায়ক্রমে তালিকা হালনাগাদ করা হবে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৮:১৫ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ