
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লরিচালকের নাম আব্দুর রহিম শেখ। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৬) বার্থী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মেসার্স তামিম ফুয়েল সাপ্লাইয়ের একটি তেলবাহী লরির (ফরিদপুর-ঢ-৪১-০০০৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন গৌরনদীর বেজগাতী এলাকার পারভীন (৩০), পটুয়াখালীর আব্দুর রহিম (৪৫), পিঙ্গলাকাঠী এলাকার মাসুমা (৩০) ও তুহিন (৯)। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মহসীন হোসেন জানান, দুর্ঘটনায় তেলবাহী লরির চালক আব্দুর রহিম শেখ নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
এমএইচ/এমআর