রবিবার ● ৩০ আগস্ট ২০২৬

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় শাহআলম মোল্লা (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম এবং তাঁর সঙ্গে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আহত শাহআলম মোল্লা বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। তাঁর অভিযোগ, হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে সঙ্গে থাকা প্রায় তিন লাখ টাকা নিয়ে যায়।

 

আহতের ছেলে আবু তালেব বলেন, হামলায় তাঁর বাবার দুই পায়ের তিনটি স্থান ভেঙে গেছে। এছাড়া বাম পায়ের গোড়ালিতে গুরুতর জখম হওয়ায় সেখানে ১৮টি সেলাই দিতে হয়েছে এবং লিগামেন্ট কেটে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

তিনি বলেন, আমার বাবা একজন নিরীহ মানুষ। তাঁর ওপর এমন নিষ্ঠুর হামলা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

 

হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন শাহআলম মোল্লা অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে কয়েক দফায় চাঁদা দিতে হয়েছে। স্থানীয় নূর হোসেনের মাধ্যমে বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদারের নির্দেশে এসব টাকা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

 

শাহআলম মোল্লার ভাষ্য, এর আগে তাঁর বাড়িতে একাধিকবার হামলা হয়েছে এবং গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। এ কারণে তিনি সব গরু বিক্রি করে দেন। শনিবার নতুন করে গোয়ালের জন্য গরু কিনতে প্রায় তিন লাখ টাকা নিয়ে হাটে যাওয়ার পথে তাঁর ওপর হামলা চালানো হয়।

 

তিনি অভিযোগ করেন, দ্বীন ইসলাম, রুমান, তৌহিদ মাদবরসহ কয়েকজন তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে সঙ্গে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদারের নির্দেশে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদার। তিনি বলেন, আমি ব্যক্তিগত কাজে কলাপাড়ায় ছিলাম। এ ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলি সাহা বলেন, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। বিশেষ করে পায়ের গোড়ালির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:২১ ● ৬৩ বার পঠিত