
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিন্না ইয়ংমেন্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. রিয়াজুল ইসলাম ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. সাইফুল ইসলাম পেয়েছেন ৩২২ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আম প্রতীকে মো. মহিউদ্দিন ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মই প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৬০ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. শামসুল আরেফিন, সহ-সাধারণ সম্পাদক মো. ইউনুস, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, কোষাধ্যক্ষ মো. মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. বাবুল আখতার, সাংস্কৃতিক সম্পাদক মো. নাদিম মাহমুদ, তথ্য ও প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, ক্রীড়া সম্পাদক হামিম এবং সমাজকল্যাণ সম্পাদক মো. রুহুল আমিন। এছাড়া সদস্য পদে মো. রবিউল ও মো. কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সুটিয়াকাঠী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মিন্টু। তিনি বলেন, ‘নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের বিরতি ছাড়াই বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ করা হয়। নির্বাচনে মোট ৭৪৯ জন ভোটারের মধ্যে ৬৫৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার মজুমদার। তিনি বলেন, ‘ভোটাররা স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোট প্রদান করেছেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং ফলাফলও শান্তিপূর্ণভাবে ঘোষণা করা হয়েছে।’
নির্বাচন ঘিরে ক্লাবের সদস্য ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে বিজয়ী প্রার্থীদের সমর্থকরা আনন্দ প্রকাশ করেন। নতুন কমিটি ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।