শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
গৌরনদীতে খাল পরিষ্কার উদ্যোগ, জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে আড়াই হাজার পরিবার
হোম » বরিশাল » গৌরনদীতে খাল পরিষ্কার উদ্যোগ, জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে আড়াই হাজার পরিবার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌরসভার দুটি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে প্রায় দুই কিলোমিটার খালের অবৈধ বাঁধ অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে উপজেলা ও পৌর প্রশাসন। খালটি পরিষ্কার হলে প্রায় আড়াই হাজার পরিবার জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষা পাবে বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর-গোসালপুরানি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়।
জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি গৌরনদী উপজেলাকে পরিচ্ছন্ন ও ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে ইউএনও নিজেও খালের পাড়ের আগাছা ও আবর্জনা পরিষ্কারে অংশ নেন।
এ সময় গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম খাল পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ চলছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের দিকনির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটি অবৈধ বাঁধ, প্লাস্টিকের বর্জ্য ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ায় স্থানীয় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের দুর্ভোগ বাড়ছিল।
মো. ইব্রাহিম বলেন, জনস্বার্থে খালের অবৈধ বাঁধ অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি পরিষ্কার করে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হলে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের প্রায় আড়াই হাজার পরিবার জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষা পাবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, গৌরনদী উপজেলাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। কর্মসূচি সফল করতে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯:৪৬:৩০ ● ৪৩ বার পঠিত
