
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’- এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। চরফ্যাশন পৌরসভার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌরসভা চত্বর থেকে বের হওয়া সচেতনতামূলক র্যালির নেতৃত্ব দেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুমানা আফরোজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। নিজেদের বাড়িঘর ও আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে এটি অন্যতম কার্যকর উপায়।
পরে রুমানা আফরোজের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, ড্রেন, ঝোপঝাড় ও বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে চরফ্যাশন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, মৌসুমি রোগ ও ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।