মনপুরায় এক দিনে তিন শিশু নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য

হোম » ভোলা » মনপুরায় এক দিনে তিন শিশু নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


 

মনপুরায় এক দিনে তিন শিশু নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরার তিন শিশু একই দিনে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের এক দিন পার হলেও তাদের সন্ধান না পাওয়ায় উদ্বেগে রয়েছেন স্বজনরা।

 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিখোঁজ শিশুদের অভিভাবকরা বিষয়টি জানান। নিখোঁজ তিন শিশুর মধ্যে দুজন মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার কলেজ মাঠ থেকে এবং অপরজন ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে।

 

নিখোঁজ শিশুরা হলো- উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাজিমুদ্দিন মঞ্জুর ছেলে মো. জুনায়েদ (১২), একই এলাকার মো. নাজিমুদ্দিনের ছেলে আরাফাত (১২) এবং ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে হাবিবুর রহমান (১৩)।

 

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায় জুনায়েদ ও আরাফাত। খেলা শেষে তারা আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

 

নিখোঁজ জুনায়েদের বাবা মো. নাজিমুদ্দিন মঞ্জু বলেন, শুক্রবার বিকেলে আমার ছেলে জুনায়েদ ও তার সহপাঠী আরাফাত বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায়। এরপর থেকে তারা আর বাসায় ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।

 

অন্যদিকে হাবিবুর রহমান ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর মাদরাসাতুল দারুল কুরআনে পড়াশোনা করে। শুক্রবার রাতে মাগরিবের নামাজ আদায়ের জন্য বের হওয়ার পর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি বলে জানিয়েছেন তার বাবা মো. কামাল।

 

তিনি বলেন, ছেলেকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাইনি।

 

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের বিষয়ে কোনো অভিভাবক এখনো থানায় অভিযোগ করেননি। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:০৭ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ