গৌরনদীতে কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হোম » খেলা » গৌরনদীতে কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


গৌরনদীতে কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলায় টাইব্রেকারে কিরু স্মৃতি সংঘকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল-আমিন একাদশ।

 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচজুড়ে দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে আল-আমিন একাদশ।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আলামিন হাওলাদারের হাতে ৩০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল। রানার্সআপ দলের অধিনায়ক হাসানাত ভূঁইয়ার হাতে ২০ হাজার টাকা পুরস্কার তুলে দেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।

 

টুর্নামেন্টে আল-আমিন একাদশের নাবিল ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। গৈলা একাদশের তাওহীদ পান সেরা গোলদাতার পুরস্কার।

 

ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচ. এম. তারিকুল ইসলাম কাফির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রফিকুল ইসলাম কাজল, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার এবং গৌরনদী উপজেলা ক্রীড়া কমিটির সদস্যসচিব মো. মিলাদ হাওলাদার।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার, সৈয়দ শহিদুল ইসলাম সাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান খান মুকুল বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।’

 

টুর্নামেন্টটি আয়োজন করে ধানডোবা যুব সমাজ। এতে পৃষ্ঠপোষকতা করেন কাজী হুমায়ুন কবির, মো. মোক্তার শিকদার, মো. মিজানুর রহমান, কাজী মাহাবুব আলম রুবেল ও মো. নুর আলম হাওলাদার।

বাংলাদেশ সময়: ২৩:০০:১০ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ