শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬

পিরোজপুরে চার অপরাধের বিরুদ্ধে একাট্টা হওয়ার আহ্বান

হোম » পিরোজপুর » পিরোজপুরে চার অপরাধের বিরুদ্ধে একাট্টা হওয়ার আহ্বান
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


 

পিরোজপুরে চার অপরাধের বিরুদ্ধে একাট্টা হওয়ার আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পিরোজপুরের সচেতন নাগরিকরা। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পিরোজপুর সদর উপজেলার এলজিইডি সংলগ্ন বাইপাস সড়কে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া বন্ধে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

 

সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহাম্মেদ রাজিবের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এলজিইডি সংলগ্ন বাইপাস সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।

 

বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এসব অপরাধের বিস্তার রোধ করা না গেলে যুবসমাজের একটি অংশ বিপথগামী হওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। তাই পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।

 

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। পিরোজপুর পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সভা, বৃক্ষরোপণ এবং যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করার মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আলোচনা সভা শেষে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১৫:৩৯ ● ২৮ বার পঠিত