
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুরে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহার করে দিনে ও রাতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল ফকিরের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে মাসে এক হাজার টাকা নিয়ে সব বিষয় পড়ানোর অভিযোগও রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের উত্তর পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় রাতে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন শিক্ষক আজিজুল ফকির। শিক্ষার্থীদের কয়েকজন জানান, তারা সন্ধ্যা ৬টার দিকে বিদ্যালয়ে এসে রাত ৯টার দিকে বাড়ি ফেরেন।
অষ্টম শ্রেণির আফসানা মিম ও দশম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, তারা সন্ধ্যায় স্কুলে প্রাইভেট পড়তে আসে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জোনায়েদ ভূইয়া ও ফাহিমুল ইসলাম জানায়, তারা সকাল ও রাতে দুই বেলা আজিজুল স্যারের কাছে পড়ে। এ জন্য মাসে এক হাজার টাকা দিতে হয়। শিক্ষক তাদের সব বিষয় পড়ান বলেও তারা জানায়।
তবে সাংবাদিকদের কাছে শিক্ষক আজিজুল ফকির দাবি করেন, শিক্ষার্থীদের ক্লাসের পড়া বুঝিয়ে দেওয়ার জন্য তিনি সেখানে পড়ান এবং এর বিনিময়ে কোনো টাকা নেন না। রাতে পড়ানোর বিষয়টি নিয়মের বাইরে বলেও তিনি স্বীকার করেন।
আজিজুল ফকির বলেন, ‘অভিভাবকেরা তাদের সন্তানদের রাতে পড়তে পাঠান। প্রধান শিক্ষক ও কমিটি বিষয়টি জানেন।’
দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজিজুল স্যারের পড়ানোর বিষয়টি আমি জানি। তবে তাকে এ বিষয়ে দাপ্তরিক কোনো অনুমতি দেওয়া হয়নি। এমন প্রাইভেট অনেক স্কুল শিক্ষকই পড়ান।’
নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পিরোজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আজীযী বলেন, ‘স্কুলের শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারবেন না। জেলা প্রশাসকেরও কঠোর নির্দেশনা রয়েছে, রাতে কোনো কোচিং বা প্রাইভেট চলবে না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিদ্যালয়ের নিয়মিত পাঠদানের বাইরে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাতে এভাবে পড়ানোর ঘটনায় স্থানীয় সচেতন মহলে সমালোচনা দেখা দিয়েছে।