গলাচিপায় প্রধান শিক্ষকের ছবি এআই দিয়ে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগ

হোম » পটুয়াখালী » গলাচিপায় প্রধান শিক্ষকের ছবি এআই দিয়ে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগ
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


 

গলাচিপায় প্রধান শিক্ষকের ছবি এআই দিয়ে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় এক প্রধান শিক্ষকের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরির অভিযোগ উঠেছে। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গুয়াবাড়ীয়া এ.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোসাইন।

 

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় গলাচিপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে ‘মাসুম আহমেদ মীরা’ নামের একটি আইডিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে তার ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

 

মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, সামাজিক ও পেশাগতভাবে তাকে হেয়প্রতিপন্ন এবং সম্মানহানি করতেই পরিকল্পিতভাবে এসব ছবি ও ভিডিও তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি বা করার ইচ্ছাও আমার নেই। আমার সম্মানহানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করা হয়েছে। এসব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

 

তিনি আরও বলেন, তিনি গুয়াবাড়ীয়া এ.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতেই এ ধরনের কর্মকাণ্ড করা হয়েছে বলে তিনি দাবি করেন।

 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক জানান, এ ঘটনায় এখনো তিনি কোনো আইনি পদক্ষেপ নেননি।

 

উল্লেখ্য, গুয়াবাড়ীয়া এ.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মো. ইউসুফ মোল্লা।

বাংলাদেশ সময়: ১৯:১০:৩৫ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ